গাড়ি চালিয়ে নিজের স্কুল শিক্ষককে ডিনারে নিয়ে গেলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০২:০৮ এএম

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আলোচনায় এসেছেন এক ব্যতিক্রমী মানবিক ঘটনার কারণে। মস্কোয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি তার সাবেক জার্মান ভাষার শিক্ষিকা ভেরা দিমিত্রিয়েভনা গুরেভিচ-এর সঙ্গে আবেগঘন পুনর্মিলনে অংশ নেন।

ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পুতিন ফুলের তোড়া দিয়ে তার বৃদ্ধ শিক্ষিকাকে শুভেচ্ছা জানান এবং পরে তাকে আলিঙ্গন করেন। শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে সময় কাটানোর পাশাপাশি তিনি নিজেই গাড়ি চালিয়ে শিক্ষিকাকে নৈশভোজে নিয়ে যান। এ সময় তারা পুতিনের স্কুলজীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেন।

জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য পুতিন নিজেই তার সাবেক শিক্ষিকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরে অনুষ্ঠান শেষে তাকে গাড়িতে করে ক্রেমলিনেও পৌঁছে দেন রুশ প্রেসিডেন্ট।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়ে পড়ে। বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও পুতিনের ব্যক্তিগত জীবনের কোমল ও মানবিক দিকটি অনেকের নজর কাড়ে। নেটিজেনদের অনেকেই শিক্ষকের প্রতি তার সম্মান ও কৃতজ্ঞতার প্রশংসা করেছেন।

১৯৫২ সালে জন্ম নেওয়া পুতিন যুদ্ধ-পরবর্তী লেনিনগ্রাদে বর্তমান সেন্ট পিটার্সবার্গ বেড়ে ওঠেন। শৈশবে কঠিন ও সংগ্রামময় জীবন পার করা পুতিন পরবর্তীতে জার্মান ভাষায় দক্ষতা অর্জন করেন। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত পূর্ব জার্মানির ড্রেসডেনে কেজিবির গোয়েন্দা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ভাষাটিতে আরও পারদর্শী হয়ে ওঠেন।

এর আগেও ২০০৫ সালে ইসরায়েল সফরের সময় পুতিন তার আরেক সাবেক জার্মান ভাষার শিক্ষিকা মিনা ইউদিতস্কায়া-বারলিনার–এর সঙ্গে পুনর্মিলিত হয়েছিলেন। সেই ঘটনাও সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:



Top