ক্ষমতায় বসেই ৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:৫৪ এএম

ছবি: সংগৃহীত

ক্ষমতায় এসেই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়। রাজ্যের বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে থাকা সরকার পরিচালিত মদের দোকানগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে। ফলে রাজ্যজুড়ে ৭১৭টি দোকানের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশনের অধীন পরিচালিত এসব দোকান নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর এটি তামিলাগা ভেটরি কাজাগাম সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকারি সমীক্ষায় দেখা গেছে, তামিলনাড়ুর মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকানের মধ্যে ৭১৭টি সংবেদনশীল জনসমাগম এলাকার খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের পাশে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে এসব দোকান দ্রুত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের মোট সরকারি মদের দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে সরকারি প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস।

২০২৪ সালে রাজনৈতিক দল গঠনের পর থেকেই মদের দোকান সংস্কারের বিষয়টিকে অন্যতম প্রধান নির্বাচনী ইস্যু করেছিলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়। সে সময় তিনি আগের সরকারের বিরুদ্ধে মদের দোকান পরিচালনায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি রাজস্ব আয়ের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

এনএফ৭১/একে



বিষয়:



Top