লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১২:২২ এএম
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি সিরিয়ার নাগরিক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে এই হামলা চালানো হয়। নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রোববার এই হামলার ঘটনা ঘটে।
এদিকে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালাচ্ছে। সোমবারও ইসরায়েলি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সেই ঘোষণার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।
এনএফ৭১/একে
বিষয়:
