দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৮:১৪ পিএম
পৌরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক দমকলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু-কে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
সোমবার (১১ মে) সকালে তিনি ইডির দপ্তরে হাজিরা দেন। দীর্ঘ প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি পাওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে ইডি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার রাতে শারীরিক পরীক্ষা শেষে মঙ্গলবার (১২ মে) তাকে বিশেষ ইডি আদালতে হাজির করা হতে পারে।
অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে পৌরসভায় চাকরি দেওয়ার একাধিক ঘটনায় তিনি জড়িত ছিলেন। এর আগে তিনি একাধিকবার ইডির তলব এড়িয়ে যান এবং পরে আদালতের নির্দেশে ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
ইডির তদন্তে আরও জানা যায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে পাওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভা পর্যায়ের নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। এতে একাধিক পৌরসভায় অবৈধভাবে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে।
তদন্তকারীদের দাবি, অভিযানে তার বাড়ি ও অফিস থেকে গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। এই মামলায় তার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও পরে তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও একাধিক রাজনৈতিক নেতা ও সাবেক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল, যা রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এই গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এনএফ৭১/ওতু
বিষয়:
