ইরান যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’: ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৭:২৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন “লাইফ সাপোর্টে” রয়েছে। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালিতে তেল ও বাণিজ্যিক জাহাজে পুনরায় মার্কিন নৌ-এসকর্ট চালুর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রস্তাবের জবাবে তেহরানের প্রতিক্রিয়া স্পষ্ট করেছে যে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
মার্কিন অর্থনীতিতে যুদ্ধের নেতিবাচক প্রভাব নিয়ে অভ্যন্তরীণ চাপ বাড়তে থাকায় ট্রাম্প সতর্ক করে বলেন, গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের দাবিগুলো ইরান প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতি আরও নড়বড়ে হয়ে পড়েছে।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি বলব, এটি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। যুদ্ধবিরতিটি এখন লাইফ সাপোর্টের চরম পর্যায়ে রয়েছে।”
এদিকে হরমুজ প্রণালি দিয়ে তেল ও অন্যান্য বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়ার মার্কিন উদ্যোগ পুনরায় চালু করার বিষয়েও ভাবছেন বলে ফক্স নিউজকে জানিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
‘অপারেশন ফ্রিডম’ নামে পরিচিত ওই উদ্যোগটি প্রথম ৬ মে চালু করা হয়েছিল। তবে দুই দিনেরও কম সময়ের মধ্যে তা স্থগিত করা হয়।
ইরানের সঙ্গে আলোচনায় এখনো আগ্রহী কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব “মধ্যপন্থী” ও “উন্মাদ” এই দুই ভাগে বিভক্ত। তার ভাষায়, “উন্মাদরা শেষ পর্যন্ত লড়াই করতে চায়, আর সেই লড়াই খুব দ্রুতই হতে পারে।”
এনএফ৭১/ওতু
বিষয়:
