বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ১২:০৫ এএম

সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন প্রথম মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ–ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স–এর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত সবচেয়ে বেশি আলোচনায় এসেছে।

সোমবার (১১ মে) রাজ্য সরকারের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত প্রথম ক্যাবিনেট বৈঠকে সদ্য শপথ নেওয়া মন্ত্রীরা এবং শীর্ষ আমলারা উপস্থিত ছিলেন। বৈঠকে একাধিক উন্নয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, নতুন সরকার “ডাবল ইঞ্জিন” মডেলে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবে। সীমান্ত নিরাপত্তা জোরদারে জমি হস্তান্তরের দায়িত্ব ভূমি ও রাজস্ব বিভাগ এবং মুখ্যসচিবকে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ দ্রুত সম্পন্ন করা হবে, কারণ রাজ্যের জনবিন্যাস পরিবর্তন এবং সীমান্ত নিরাপত্তার বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রথম মন্ত্রিসভার বৈঠকেই পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় স্বাস্থ্যসেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত–এর আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে রাজ্যের জনগণকে যুক্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এছাড়া নতুন সরকার ঘোষণা দিয়েছে, রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা হবে। পূর্ববর্তী সরকার এটি বাস্তবায়ন না করলেও এখন থেকে আইনটি কার্যকরভাবে প্রয়োগ করা হবে বলে জানানো হয়।

চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সিদ্ধান্ত হিসেবে সরকারি চাকরিতে আবেদনকারীদের বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘ সময় ধরে নিয়োগ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া প্রশাসনিক কর্মকর্তাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগের সরকারের সময়ে বন্ধ ছিল বলে দাবি করা হয়।

তবে নতুন সরকার আগের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলো চালু রাখার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মৃত বা অনিয়মিত সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দিয়ে প্রকল্পগুলো আরও স্বচ্ছ করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top