যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতদের ঐতিহাসিক জয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:২২ পিএম

সংগৃহীত

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত চারটি বরো—টাওয়ার হ্যামলেটস, নিউহাম, রেডব্রিজ এবং বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের বড় সাফল্য এসেছে। মোট ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ইতিহাসে অন্যতম বড় অর্জন। এবারের নির্বাচনে তিন শতাধিক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সবচেয়ে বড় সাফল্য এসেছে টাওয়ার হ্যামলেটসে। এখানে মোট ৪৫ সদস্যের কাউন্সিলের মধ্যে এসপায়ার পার্টি ৩৩টি আসনে জয় পেয়েছে, যাদের সবাই বাংলাদেশি বংশোদ্ভূত। পাশাপাশি লেবার পার্টি থেকে ৩ জন এবং লিবারেল ডেমোক্র্যাট থেকে ১ জন নির্বাচিত হয়েছেন। এ বরোতে টানা চতুর্থবারের মতো নির্বাহী মেয়র নির্বাচিত হয়েছেন লুৎফুর রহমান।

নিউহামে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। সেখানে ১২ জন নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টি, ৬ জন লেবার পার্টি এবং ১ জন গ্রীন পার্টি থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ বরোর নতুন নির্বাহী মেয়র হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরহাদ হোসেন, যিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন।

রেডব্রিজ বরোতে বাংলাদেশি বংশোদ্ভূত ৯ জন লেবার পার্টি থেকে এবং ৫ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। বিশেষ করে ইলফোর্ড এলাকার বাংলাদেশি অধ্যুষিত অঞ্চলে তাদের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বার্কিং অ্যান্ড ড্যাগেনহামে ৮ জন লেবার পার্টি এবং ২ জন গ্রীন পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া লন্ডনের অন্যান্য বরো যেমন ইলিং, ক্রয়ডন ও ব্রেন্টেও বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা জয়ী হয়েছেন। রাজধানীর বাইরে বার্মিংহামেও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফল যুক্তরাজ্যের স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান প্রভাবের একটি শক্তিশালী প্রমাণ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top