নিউ ইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা, ১০ হাজার বই প্রদর্শিত হবে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫৫ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা, যেখানে ১০ হাজারের বেশি বাংলা বই প্রদর্শিত হবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটস এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বইমেলার বিভিন্ন আয়োজন, অতিথি তালিকা ও সাংস্কৃতিক কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তাঁরা জানান, এবারের মেলা প্রবাসী বাঙালিদের জন্য একটি বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে।

বইমেলার আহ্বায়ক ড. নজরুল ইসলাম বলেন, এবারের মেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫টি খ্যাতনামা প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী প্রকাশনীর মধ্যে রয়েছে অঙ্কুর প্রকাশনী, অন্বয় প্রকাশ, অনন্যা, প্রথমা প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, মাওলা ব্রাদার্স, সময় প্রকাশনসহ আরও অনেক প্রতিষ্ঠান।

তিনি জানান, মেলায় নতুন প্রকাশনা, গবেষণাধর্মী বই, কবিতা, উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য এবং প্রবাসী বাংলা সাহিত্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এবারের বইমেলার উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ রেহমান সোবহান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক রওনক জাহান, ফরিদুর রেজা সাগরসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন শিল্পী অদিতি মহসিন।

আয়োজকরা বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য। তাঁদের আশা, এই বইমেলা প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে বাংলা বইয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top