যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৮:২১ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে দেওয়া সর্বশেষ মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব জমা দিয়েছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, পাকিস্তানের কাছে এ জবাব জমা দেওয়া হয়েছে, যারা চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার ভূমিকা পালন করছে।

ইরানের জবাবে বলা হয়েছে, বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কেবল যুদ্ধ বন্ধের প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য জটিল বিষয় পরবর্তী ধাপে আলোচনায় আনা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিস্তারিত পর্যালোচনা শেষে তারা মার্কিন প্রস্তাবের চূড়ান্ত জবাব দেবে। মার্কিন প্রস্তাবটি আসে ইরানের দেওয়া ১৪ দফা পরিকল্পনার জবাবে, যার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ করা।

সর্বশেষ জবাবে ইরান সব ধরনের হামলা বন্ধের ওপর জোর দিয়েছে। এর মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি পারস্য উপসাগরে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয়। এর চার দিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, যার উদ্দেশ্য ছিল ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা।

ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের “অতিরিক্ত কঠোর” অবস্থানের কারণেই আলোচনা অচল হয়ে পড়ে। বর্তমান আলোচনার অন্যতম বড় অচলাবস্থা হলো পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল পুনরায় চালু করা।

ইরান জানিয়েছে, আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হলে এবং যুক্তরাষ্ট্র তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত তারা।

তেহরানের কর্মকর্তারা বলেছেন, আলোচনার প্রথম ধাপে নৌ চলাচল ও নিষেধাজ্ঞা-সংক্রান্ত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত। একই সঙ্গে পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা করতে প্রস্তুত রয়েছে ইরান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top