মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৪২ পিএম

সংগৃহীত

মিয়ানমারে মধ্যরাতে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার কম্পন বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে। এর অবস্থান নির্ণয় করা হয়েছে ২০ দশমিক ৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতাইয়া এলাকার প্রায় ১১ কিলোমিটার দূরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কম্পনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি কেঁপে ওঠে। আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা রাতেই ঘর থেকে বেরিয়ে আসেন।

এর আগেও শনিবার বিকেলে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। বিকেল ৩টা ১০ মিনিটের দিকে হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৫ এর মধ্যে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৫ উল্লেখ করলেও ইউএসজিএস জানিয়েছে ৪ দশমিক ৪। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের বিলাসিপাড়া এলাকায়।

কম গভীরতায় উৎপন্ন হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের জেলাগুলোতে কম্পন বেশি অনুভূত হয়। লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় মানুষ মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনির কথা জানিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top