ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৭:৩৪ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা আত্মসমর্পণের জন্য নয়, বরং দেশের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য—এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

রোববার (১০ মে) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, সংলাপ বা আলোচনা মানেই ইরান তার অবস্থান থেকে সরে আসবে—এমনটি নয়। বরং আলোচনার উদ্দেশ্য হলো ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থকে আরও শক্তভাবে প্রতিষ্ঠা করা। যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ক্ষয়ক্ষতি পুনর্গঠন সংক্রান্ত এক টাস্কফোর্স সভায় তিনি এসব কথা বলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায়। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমঝোতা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন।

বর্তমানে যুদ্ধবিরতিকে কেন্দ্র করেই স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের সাম্প্রতিক বক্তব্য ইরানের কঠোর ও অনড় অবস্থানেরই প্রতিফলন।

সূত্র: আনাদোলু এজেন্সি



বিষয়:



Top