তামিল চলচ্চিত্রের জনপ্রিয় তারকা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জমকালো এই অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে নানা প্রশ্ন ও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
চেন্নাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান হিসেবে শপথ নেন থালাপতি বিজয়। ঐতিহাসিক এই মুহূর্তে তাঁর বাবা-মা এস এ চন্দ্রশেখর ও শোভা চন্দ্রশেখর, ঘনিষ্ঠ বন্ধু, দলীয় নেতাকর্মী এবং অসংখ্য সমর্থক উপস্থিত ছিলেন।
তবে অনুষ্ঠানে তাঁর স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম, ছেলে জেসন সঞ্জয় এবং মেয়ে দিব্যা সাশার অনুপস্থিতি ভক্তদের নজর কাড়ে। অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের সদস্যদের না দেখা যাওয়াটা অস্বাভাবিক।
এদিকে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও অনুষ্ঠানে দেখা গেছে বলে জানা যায়, যা নিয়েও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। থালাপতি বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে অতীতের গুঞ্জনও আবার সামনে আসে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা চলছে। কেউ কেউ একে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখলেও অনেকে বিষয়টিকে ঘিরে নানা প্রশ্ন তুলেছেন।