পশ্চিমবঙ্গে বিরোধীদলীয় নেতার নাম ঘোষণা করলেন তৃণমূল
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৮ এএম
দীর্ঘ প্রায় দেড় দশক পর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রধান বিরোধী দলের ভূমিকায় ফিরেছে। শনিবার রাতে দলটির পক্ষ থেকে বিরোধীদলীয় নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়-এর নাম ঘোষণা করা হয়।
দলের চিফ হুইপের দায়িত্ব পেয়েছেন ফিরহাদ হাকিম। এছাড়া ডেপুটি লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়।
এর আগে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুভেন্দুর সঙ্গে আরও কয়েকজন মন্ত্রী শপথ নেন। তাদের মধ্যে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল এবং নিশীথ প্রামাণিক।
২০২১ সাল থেকে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের শাসনভার গ্রহণ করলেন।
গত ৪ মে ঘোষিত নির্বাচনের ফল অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৩টি আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পায় ৮০টি আসন।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত কেন্দ্র ছিল ভবানীপুর। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়-কে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী।
সূত্র: দ্য ওয়াল
এনএফ৭১/ওতু
বিষয়:
