সংঘাতের মধ্যেও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার ঘোষণা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৭ এএম
চলমান আঞ্চলিক সংঘাত ও আন্তর্জাতিক চাপের মুখে ইরান ও চীন-এর দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুলরেজা রহমানি ফাজলি।
তিনি বলেছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি শেষ হওয়ার পর তেহরান ও বেইজিংয়ের সম্পর্ক আরও “ব্যাপক, গভীর এবং বহুমুখী” হয়ে উঠবে। একই সঙ্গে কঠিন সময়ে ইরানের পাশে থাকার জন্য চীনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ফাজলি বলেন, চীন সংকটকালে ইরানের প্রকৃত বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে এবং প্রতিকূল পরিস্থিতিতে সহায়তা করেছে। তিনি উল্লেখ করেন, “আমরা আমাদের কঠিন সময়ের বন্ধুদের কখনোই ভুলব না।”
রাষ্ট্রদূত চীনকে ইরানের অন্যতম “কৌশলগত অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু” হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সংঘাত শেষে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা আরও বিস্তৃত হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই বার্তা পশ্চিমা বিশ্বের প্রতি একটি কূটনৈতিক ইঙ্গিত। বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মধ্যে চীনের সমর্থন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সহায়তা হিসেবে কাজ করছে।
তারা মনে করছেন, বেইজিংয়ের বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা ইরানের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে এই অংশীদারিত্ব বাণিজ্যের পাশাপাশি সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও আরও বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:
