তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১২:১৫ এএম
ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে নয়জন মন্ত্রীসহ শপথ নেন তিনি। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হলো।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে শপথ পাঠ করান।
৫১ বছর বয়সী বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে তাকে কয়েকদিন রাজনৈতিক আলোচনা চালাতে হয় এবং গভর্নরের সঙ্গে একাধিক বৈঠক করেন।
জোট গঠনে কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি, সিপিআই (এম) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সমর্থন পান বিজয়। এর ফলে তার জোটের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২০ জনে।
দুইটি আসন থেকে নির্বাচিত হওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে বিজয়কে। তারপরও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হবে তার নেতৃত্বাধীন জোট।
এই সরকারের মাধ্যমে প্রায় ছয় দশক পর তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকে-এর বাইরে অন্য কোনো দলের সরকার প্রতিষ্ঠিত হলো।
সূত্র: এনডিটিভি
এনএফ৭১/ওতু
বিষয়:
