তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৮:২০ পিএম
ভারতের তামিলনাড়ু রাজ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম।
স্থানীয় রাজনৈতিক দল বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের আনুষ্ঠানিক সমর্থন পাওয়ার পর দলটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন সংখ্যা অর্জন করে।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর থালাপতি বিজয় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। রাজভবন থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয় আজ রবিবার সকাল ১০টায় শপথ গ্রহণ করবেন। শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে।
গত সোমবার তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। ওই নির্বাচনে সর্বাধিক আসন পায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম। দলটি মোট ১০৮টি আসনে জয়ী হয়। এর মধ্যে বিজয় নিজে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে দলের মোট বিধায়কের সংখ্যা দাঁড়ায় ১০৭।
তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
শুক্রবার পর্যন্ত দলটির সমর্থন সংখ্যা ছিল ১১৬-এ সীমাবদ্ধ। পরে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সমর্থন পাওয়ায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয় এবং রাজ্যে নতুন জোট সরকারের পথ খুলে যায়।
এনএফ৭১/একে
বিষয়:
