শুভেন্দুর পুরোনো ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, উত্তাল পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৫০ এএম

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে একটি পুরোনো বিতর্কিত ভিডিও আবারও ছড়িয়ে পড়ায় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি পুনরায় ছড়িয়ে পড়ার পর শাসক ও বিরোধী দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ।

প্রায় ২০১৬ সালের ওই ভিডিওটি মূলত নারদা কাণ্ডকে কেন্দ্র করে তৈরি আলোচনার সময়ের বলে জানা যায়। সে সময় অভিযোগ ওঠে, তৎকালীন শাসকদলের কয়েকজন প্রভাবশালী নেতা অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। ওই তালিকায় মুকুল রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়–এর দলের একাংশ নেতার নামও আলোচনায় আসে।

পরবর্তীতে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে। মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী শাসক দল ত্যাগ করে বিরোধী শিবিরে যোগ দেন। এরপর থেকেই পুরোনো সেই ভিডিও ঘিরে বিতর্ক ধীরে ধীরে কমে গেলেও সম্প্রতি সেটি আবার সামনে আসায় নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

অভিযোগ উঠেছে, বিরোধী শিবিরে যোগ দেওয়ার পর ওই ভিডিও সংশ্লিষ্ট প্রচারণা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছিল। আর সেই বিষয়টিই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে।

সমালোচকদের দাবি, রাজনৈতিক সুবিধা অনুযায়ী দুর্নীতির অভিযোগকে ব্যবহার করা হয় এবং দল পরিবর্তনের পর অতীত বিতর্ক আড়াল করার চেষ্টা করা হয়। তাদের মতে, এই ঘটনাই রাজনৈতিক অবস্থানের দ্বৈত মানদণ্ডকে আবারও সামনে নিয়ে এসেছে।

যদিও ভিডিওটি এখন আনুষ্ঠানিকভাবে কোথাও দেখা যাচ্ছে না, তবুও বিভিন্ন অনানুষ্ঠানিক মাধ্যমে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে নীতি ও আদর্শের চেয়ে কৌশলগত রাজনীতি কতটা প্রভাবশালী, তা আবারও স্পষ্ট করে দিয়েছে। সূত্র: এনডিটিভি

এনএফ৭১/একে



বিষয়:



Top