নাটকীয়তার অবসান, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:৪২ এএম

ছবি: সংগৃহীত

নির্বাচনের ফল প্রকাশের পর টানা চার দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেট্টি কাজগাম দলের প্রধান থালাপতি বিজয়।

শনিবার রাজ্যের গভর্নর আরভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানান তিনি। এ সময় গভর্নরের কাছে ১২০ জন বিধায়কের সমর্থনপত্র জমা দেন থালাপতি বিজয়। পাশাপাশি সরকার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়। এ লক্ষ্যে দলীয়ভাবে জোর প্রস্তুতি শুরু হয়েছে।

অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের সরকার গঠনের আনুষ্ঠানিক ঘোষণার পর তামিলনাড়ু জুড়ে উৎসবের আমেজ দেখা দিয়েছে। দলীয় নেতাকর্মী ও ভক্তরা রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন। স্থানীয় রাজনৈতিক দল ভিসিকে ও আইইউএমএলের সমর্থন পাওয়ায় সেই সংখ্যা অতিক্রম করেছে টিভিকে। ফলে সরকার গঠনের পথে আর কোনো বাধা নেই বলেই মনে করা হচ্ছে।

এদিকে গভর্নরের বাসভবন ও টিভিকের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে সমর্থকদের ব্যাপক জমায়েতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

ভিসিকে সভাপতি থল থিরুমাভালাভান বলেন, টিভিকেকে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সরকার গঠনে কোনো জটিলতা তৈরি না হয় এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি সৃষ্টি না হয়।

তিনি আরও বলেন, “আমরা শুধু সরকার গঠনের স্বার্থেই সমর্থন দিয়েছি। এর সঙ্গে অন্য কোনো শর্ত নেই।” সূত্র: এনডিটিভি।

এনএফ৭১/একে



বিষয়:



Top