কিম জং উন নিহত হলেই পারমাণবিক হামলা, উত্তর কোরিয়ায় নতুন নীতি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৭:২৮ এএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিহত বা অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানোর নীতি গ্রহণ করেছে দেশটি। সম্প্রতি সংবিধানে সংশোধনী এনে এ বিধান যুক্ত করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে সংশোধনীটি অনুমোদন দেওয়া হয়। পরে বিষয়টি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে।
সংশোধিত আইনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বোচ্চ নিয়ন্ত্রণে থাকবেন কিম জং উন। তবে বিদেশি হামলায় দেশটির পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়লে ‘স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে’ পারমাণবিক হামলা চালানো হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার ঘটনায় উদ্বিগ্ন হয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে পিয়ংইয়ং। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হওয়ার পর উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করেছে বলে ধারণা করা হচ্ছে।
কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি সাধারণত বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। পাশাপাশি তার সঙ্গে সবসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।
এনএফ৭১/একে
বিষয়:
