যুক্তরাষ্ট্র ইরানে ব্যর্থ হলেও ভেনেজুয়েলার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০১:৪৪ এএম

সংগৃহীত

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করেছে। দীর্ঘদিন ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও সফল না হলেও এবার দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে সফলতা পেয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে প্রায় ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের কর্মকর্তা ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, এই অভিযান আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এবং ভেনেজুয়েলা ধীরে ধীরে আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায়, অত্যন্ত সংবেদনশীল এই ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথে নিরাপদে উত্তর আমেরিকায় স্থানান্তর করা হয়েছে এবং পরে তা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি জ্বালানি স্থাপনায় সংরক্ষণ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের পর দুই দেশের সম্পর্কে পরিবর্তন আসতে শুরু করে। পরে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন, দূতাবাস পুনরায় চালু এবং বাণিজ্যিক ফ্লাইট চালুর মাধ্যমে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হতে দেখা গেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top