ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট রাজা সুব্রামানি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ১১:০০ পিএম

সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান-এর মেয়াদ আগামী ৩০ মে শেষ হচ্ছে। তার দায়িত্ব শেষ হওয়ার পরই নতুন সেনাপ্রধান হিসেবে এন এস রাজা সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত তিনি ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন। তারও আগে সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও দায়িত্বে ছিলেন তিনি।

১৯৮৫ সালের ডিসেম্বরে ‘দ্য গারওয়াল রাইফেলস’ রেজিমেন্টে কমিশন পাওয়ার মাধ্যমে তার সামরিক জীবন শুরু হয়। দীর্ঘ ৪১ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এবং একাধিক শীর্ষ পদে কাজ করেছেন।

শিক্ষাজীবনে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানগুলোর মধ্যে চারটি পদক অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top