রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত
 

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তিনি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় দুই দেশের নেতাকে ধন্যবাদ জানান।

এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ইউরি উশাকভ জানান, মার্কিন প্রশাসনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতা হয়। তিনি বলেন, সাম্প্রতিক ট্রাম্প-পুতিন ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের ঐতিহাসিক মিত্রতার বিষয়ও উঠে আসে।

এর আগে রাশিয়া ৯ মে ‘বিজয় দিবস’ উপলক্ষে একতরফাভাবে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যদিও কিয়েভের অভিযোগ ছিল মস্কো তখন সেই প্রস্তাবে সাড়া দেয়নি।

নতুন এই সমঝোতা অনুযায়ী, যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে এক হাজার করে মোট দুই হাজার যুদ্ধবন্দি বিনিময় করা হবে বলেও জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলেনস্কি।

ট্রাম্প বলেন, “আলোচনা এগিয়ে চলছে। প্রতিদিনই আমরা সমাধানের আরও কাছে পৌঁছাচ্ছি। এটি হয়তো দীর্ঘ ও প্রাণঘাতী এই যুদ্ধের সমাপ্তির সূচনা হতে পারে।”

তবে যুদ্ধবিরতির ঘোষণা এলেও পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চল নিয়ে দুই দেশের অবস্থানে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে। রাশিয়া চায় ইউক্রেন দখলকৃত অঞ্চল ছেড়ে দিক, অন্যদিকে ইউক্রেন জানিয়েছে নিজেদের নিয়ন্ত্রণাধীন কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া হবে না।

 
 
 


বিষয়:



Top