পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত ৪

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ০৩:১৬ এএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় উদযাপনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। বুধবার (৬ মে) পুলিশ ও দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে বড় ধরনের বিজয় অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। এই জয়কে কেন্দ্র করেই একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

২০১১ সাল থেকে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এই ফলাফল প্রত্যাখ্যান করেছে। মমতা ব্যানার্জি নিজ আসনেও পরাজিত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ফল ঘোষণার পর রাজধানী কলকাতাসহ বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন ভারতীয় জনতা পার্টির কর্মী এবং দুইজন তৃণমূল কংগ্রেসের কর্মী।

ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের দুই কর্মী হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তাদের দুই কর্মীকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে মোট চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে এবং ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে কলকাতার বেলেঘাটা এলাকায় এক তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরিবারের অভিযোগ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে।

অন্যদিকে রাজারহাট ও বীরভূমসহ বিভিন্ন এলাকায় পৃথক সহিংস ঘটনায় আরও প্রাণহানির অভিযোগ পাওয়া গেছে। কোথাও রাজনৈতিক কর্মীকে পিটিয়ে হত্যা, আবার কোথাও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 
 


বিষয়:



Top