লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলা, নিহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৭:৩৯ পিএম
চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় লেবানন-এর দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একা ৮ জন নিহত এবং অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ভয়াবহ বিমান হামলায় একটি আবাসিক এলাকা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।
একই দিনে টায়ার ও নাবাতিয়েহর আশপাশের বিভিন্ন এলাকায় আরও হামলায় অন্তত ৪ জন নিহত হন। এ ছাড়া কয়েকটি বাড়ি, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এর আগের দিন কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একই এলাকায় হামলা চালানো হয়েছিল।
সূত্র: আল জাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:
