মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৮ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও একটি ইরানি পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি বন্দরের দিকে যাত্রার সময় জাহাজটি আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা জাহাজটি আটক অভিযানে অংশ নেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়, যখন এটি ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল।
এর আগে একই ধরনের আরেকটি ইরানি জাহাজ ‘তুসকা’ জব্দ করা নিয়েও উত্তেজনা তৈরি হয়। ইরানের দাবি, ওই জাহাজে ডায়ালাইসিস ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ছিল। তারা এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি মানবজীবন ঝুঁকিতে ফেলছে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের মতে, এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আটক জাহাজে সন্দেহজনক মালামাল ছিল, যা “ভালো কিছু নয়”, এবং এটি চীনের দেওয়া উপহার হিসেবে পাঠানো হয়েছিল।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবসম্মত নয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তথ্যসূত্র: রয়টার্স, আলজাজিরা
এনএফ৭১/ওতু
বিষয়:
