আমিরাতে দেখা দিল নতুন চাঁদ, জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ এএম
সংযুক্ত আরব আমিরাতে দিনের আলোতেই আকাশে নতুন চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাস। এই বিরল দৃশ্যের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা আসন্ন জিলহজ মাস এবং পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য সময় নিয়েও ধারণা দিয়েছেন।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণে দেখা যায়, তখন চাঁদের বয়স ছিল প্রায় ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে প্রায় ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
এই ঐতিহাসিক চাঁদের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। এ কাজে তাকে সহায়তা করেন গবেষণা দলের সদস্য খালফান আল নাইমি, ওসামা ঘানিম এবং আনাস মুহাম্মদ।
এই চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার সময় গণনা শুরু হয়েছে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে বুধবার। সে ক্ষেত্রে হজের মূল আনুষ্ঠানিকতা আরাফাত দিবস পড়তে পারে ২৬ মে মঙ্গলবার।
তবে ইসলামিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় চাঁদ দেখার ওপর নির্ভর করে নেওয়া হয়। তাই আনুষ্ঠানিক ঘোষণা পরে দেওয়া হবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যের অনেক দেশেই আগামী মাসে দীর্ঘ ছুটির সম্ভাবনা দেখা যাচ্ছে।
সাধারণত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে চার দিনের সরকারি ছুটি থাকে। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হলে এই ছুটি একটানা নয় দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায় এবং সেই অনুযায়ী ঈদসহ ধর্মীয় উৎসব পালন করা হয়। সূত্র: গালফ নিউজ
এনএফ৭১/একে
বিষয়:
