গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল-জাজিরার সাংবাদিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৩ এএম
গাজা উপত্যকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মোহাম্মদ উইশাহ, যিনি আল জাজিরা মোবাশারের সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার গাজা সিটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় আল-রশিদ সড়কে একটি গাড়িতে করে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রোন থেকে সরাসরি গাড়িটিতে আঘাত হানার পর মুহূর্তেই সেটি আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোহাম্মদ উইশাহ দীর্ঘদিন ধরে গাজা থেকে যুদ্ধ পরিস্থিতির সরাসরি সংবাদ প্রচার করে আসছিলেন। ২০১৮ সালে তিনি আল জাজিরা নেটওয়ার্কে যোগ দেন এবং ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের শুরু থেকেই মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছিলেন।
এ ঘটনায় এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, সত্য প্রকাশ বন্ধ করা এবং সাংবাদিকদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে ধারাবাহিক হামলার অংশ।
গাজা সিটি থেকে এক প্রতিবেদক জানান, প্রধান সড়কে চলন্ত অবস্থায় এ হামলা প্রমাণ করে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে পরিস্থিতি এখনো অত্যন্ত উদ্বেগজনক। প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও হামলা ও লঙ্ঘন অব্যাহত রয়েছে এবং সাংবাদিকরাও নিরাপদ নন।
গাজার সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এটিকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে।
এ ঘটনায় আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোর প্রতি তীব্র প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দায়ীদের আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনা এবং গাজায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক চাপ বাড়ানোর দাবি উঠেছে।
স্বাস্থ্য খাতের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান হামলায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও নতুন করে শত শত মানুষের প্রাণহানি ঘটছে। সূত্র: আল-জাজিরা
এনএফ৭১/একে
বিষয়:
