দুই দফা মিসাইল ছুড়ল উ.কোরিয়া, সতর্ক অবস্থানে জাপান ও দ.কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ এএম
জাপানের পশ্চিম উপকূল ও কোরীয় উপদ্বীপের মাঝামাঝি পূর্ব সাগরে হঠাৎ করেই দুই দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া, এতে করে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দিনের শুরুতে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি শনাক্ত করেছে। একইসঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন, ক্ষেপণাস্ত্র সংক্রান্ত সর্বোচ্চ তথ্য দ্রুত সংগ্রহ করে তা সাধারণ জনগণের কাছে তুলে ধরতে।
এছাড়া পূর্ব সাগরে অবস্থানরত বিমান, নৌযান ও অন্যান্য গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে জাপান সরকার।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী আরও জানায়, প্রথম দফায় উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ২৪০ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরে গিয়ে পড়ে।
এর আগে, মঙ্গলবার রাজধানী পিয়ংইয়ং থেকে একটি অজ্ঞাত বস্তু ছোড়া হলেও সেটি উৎক্ষেপণের পরপরই মাটিতে পড়ে যায়।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সব ধরনের কার্যক্রম তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ো-জং অভিযোগ করেন, তার দেশের ভেতরে বেসামরিক ড্রোন প্রবেশ করছে। ওই বক্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যার ধারাবাহিকতায় এবার দুই দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।
এনএফ৭১/একে
বিষয়:
