সাত বছর পর ইরান থেকে তেল আমদানি শুরু করল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম
চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে প্রায় সাত বছর পর আবারও ভারত ইরান থেকে তেল আমদানি শুরু করেছে। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
২০১৯ সালের পর এই প্রথমবার প্রকাশ্যে এমন ঘোষণা এলো। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে তেল কেনার অনুমোদন (ওয়েভার) নবায়ন না করায় ভারত আমদানি বন্ধ করতে বাধ্য হয়েছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সরবরাহ ব্যাহত হওয়ায় দেশটির তেল শোধনাগারগুলো ইরানসহ বিভিন্ন উৎস থেকে কাঁচা তেল সংগ্রহ করছে। এছাড়া ইরান থেকে তেল আমদানিতে বর্তমানে কোনো অর্থপ্রদানের বাধা নেই বলেও জানানো হয়।
মন্ত্রণালয় আরও জানায়, ভারত ৪০টিরও বেশি দেশ থেকে কাঁচা তেল আমদানি করে থাকে এবং বাণিজ্যিক বিবেচনায় বিভিন্ন উৎস থেকে তেল সংগ্রহে কোম্পানিগুলোকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের জন্য দেশের জ্বালানি সরবরাহ সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে, গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ৩০ দিনের জন্য ইরানি তেল ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৮০ বিলিয়ন ডলারের জ্বালানি চাহিদার প্রায় ৫০ শতাংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে ভারত।
সূত্র: আনাদোলু এজেন্সি
এনএফ৭১/ওতু
বিষয়:
