সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:২১ পিএম
সৌদি আরবের আল-খারজ এলাকায় অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে সংঘটিত এই হামলার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা। আহতদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইরান একযোগে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে বিমানঘাঁটিকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৩০০-এ পৌঁছেছে। এসব সেনাদের মধ্যে ২৭৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। তবে চলমান চার সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটির রানওয়ে ও সংলগ্ন অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে। গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, ইরান তাদের ঘরোয়া প্রযুক্তির নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সৌদিতে মোতায়েন করা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার সময় কতটা কার্যকর ছিল, তা নিয়ে পেন্টাগনে বিস্তারিত বিচার-বিশ্লেষণ চলছে। ওয়াশিংটন হামলার কড়া জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সামরিক সূত্র জানিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
