ইরান যুদ্ধে এই প্রথম ‘ড্রোন স্পিডবোট’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম
মধ্যপ্রাচ্যের জলসীমায় ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো চালকবিহীন ড্রোন স্পিডবোট মোতায়েন করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
পেন্টাগনের বরাত দিয়ে বলা হয়েছে, এই ড্রোন স্পিডবোট একই সঙ্গে নজরদারি এবং ‘কামিকাজি’ হামলায় ব্যবহারযোগ্য। অর্থাৎ লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে নিজেও ধ্বংস হয়।
মেরিল্যান্ডভিত্তিক গ্লোবাল অটোনোমাস রিকোনায়েন্সেস ক্রাফট (গার্ক) কোম্পানি এই ড্রোন তৈরি করেছে। পেন্টাগনের মুখপাত্র টিম হকিন্স বলেন, যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানেও এই ড্রোন ব্যবহার করা হচ্ছে।
যুদ্ধে চালকবিহীন ড্রোনের ব্যবহার এক যুগের বেশি আগে থেকে হলেও সামুদ্রিক ড্রোন ও স্পিডবোটের ব্যবহার তুলনামূলকভাবে নতুন। ২০২৩ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কৃষ্ণসাগরে প্রথমবার এটি ব্যবহার করা হয়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম ফ্লিট ইতোমধ্যেই এই ড্রোন ব্যবহার করছে। এই ফ্লিটের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত এবং পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের কিছু অংশ এর দায়িত্বাধীন এলাকায় অন্তর্ভুক্ত। সূত্র: রয়টার্স
এনএফ৭১/একে
বিষয়:
