২৪ ঘণ্টার মধ্যে ইরানি কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ সৌদির
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১১:০৯ এএম
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ইরান দূতাবাসের কয়েকজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইরান দূতাবাসের এক সামরিক কর্মকর্তা, তার সহযোগী এবং আরও তিনজন স্টাফকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জেরে সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, ইরান যদি তাদের ভূখণ্ডে হামলা অব্যাহত রাখে, তাহলে আরও কঠোর পরিণতির মুখে পড়তে হবে। এ ধরনের কর্মকাণ্ড বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ইরান বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের হামলা চলতে থাকলে ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে সৌদি আরব। ওইদিন সৌদি আরব, কাতারসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান।
পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারও এর আগে ইরান দূতাবাসের কয়েকজনকে অবাঞ্ছিত ঘোষণা করে। সর্বশেষ একই পথে হাঁটল সৌদি আরব।
এনএফ৭১/একে
বিষয়:
