মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ৪০তম ধাপ শুরু করেছে ইরান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১২:৩৭ পিএম
মধ্যপ্রাচ্যে নতুন করে হামলার ৪০তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, এই হামলায় ইসরায়েল এবং অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ এক বিবৃতিতে জানায়, এ অভিযানে ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে কাদের, এমাদ, খেইবার শেকান ও ফাত্তাহ।
ইরানের দাবি অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র তেলআবিব, জেরুজালেম ও হাইফাসহ ইসরায়েলের বিভিন্ন স্থানে নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল-আজরাক এবং সৌদি আরবের আল-খারজে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু ছিল।
এদিকে উপসাগরীয় কয়েকটি দেশ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন এলাকায় পড়ে।
অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কুয়েতের সেনাবাহিনীও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলা করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
