লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত অন্তত ১৬
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
লেবাননের পূর্বাঞ্চলের বেকা উপত্যকার একটি শহরে ছত্রীসেনা নামিয়ে স্থল অভিযান চালানোর চেষ্টা করেছিল ইসরায়েলি বাহিনী। তবে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়েছে। একই সময়ে ওই এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রাতে হেলিকপ্টার থেকে বেকা উপত্যকার নবী চিত শহরে ইসরায়েলি ছত্রীসেনা নামানো হয়। পরে তারা এলাকাটির ভেতরে অগ্রসর হওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দা ও হিজবুল্লাহ যোদ্ধারা গুলিবর্ষণ করে প্রতিরোধ গড়ে তোলেন। এতে ইসরায়েলি সেনারা পিছু হটে হেলিকপ্টারে করে এলাকা ছেড়ে যায়।
এরপর নবী চিত ও আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের তিনজন সেনাও রয়েছেন বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের প্রভাব এখন লেবাননেও ছড়িয়ে পড়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর এর প্রতিক্রিয়ায় লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল।
গত কয়েক দিনে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতির কারণে প্রায় তিন লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তবে তাদের মধ্যে মাত্র এক-তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রে জায়গা পেয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
