দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানে টর্পেডো হামলা করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে একটি যুদ্ধজাহাজ ধ্বংস হয়েছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে ভারত মহাসাগরে গত বুধবার মার্কিন হামলায় ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা ডুবে গেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো হামলায় অংশ নেওয়া সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। তবে ওই দিন সকালে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। আঘাতের পর জাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে দ্রুত তলিয়ে যায়।
শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্র থেকে ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধজাহাজটিতে প্রায় ১৮০ জন নৌসদস্য ছিলেন।
মার্কিন নৌবাহিনীর ইতিহাসবিষয়ক তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট একটি মার্কিন সাবমেরিন থেকে শত্রুপক্ষের জাহাজ লক্ষ্য করে টর্পেডো ছোড়া হয়েছিল। সেই সময় আঘাতে জাপানের প্রায় ৭৫০ টনের একটি জাহাজ ডুবে যায়।
এরপর থেকে স্নায়ুযুদ্ধসহ দীর্ঘ সময় ধরে মার্কিন সাবমেরিনগুলো নানা গোপন ও ঝুঁকিপূর্ণ গোয়েন্দা অভিযানে ব্যবহৃত হলেও কোনো জাহাজ লক্ষ্য করে টর্পেডো নিক্ষেপের ঘটনা ঘটেনি। তবে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে ইরাক, আফগানিস্তান, সোমালিয়া, লিবিয়া ও ইয়েমেনে বিভিন্ন অভিযানে সাবমেরিন থেকে নিয়মিতভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল কেইন জানিয়েছেন, ইরানের যুদ্ধজাহাজটি ডুবাতে মার্ক–৪৮ ধরনের ভারী টর্পেডো ব্যবহার করা হয়েছে। ১৯৭২ সালে প্রথম ব্যবহারে আসা এই টর্পেডো সময়ের সঙ্গে আধুনিক করা হয়েছে। প্রায় তিন হাজার আটশ পাউন্ড ওজনের এই অস্ত্র লক্ষ্যবস্তু শনাক্ত করে জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এতে জাহাজ দ্রুত দুই টুকরো হয়ে ডুবে যায়।
সূত্র: নিউইয়র্ক টাইমস।
এনএফ৭১/একে
বিষয়:
