মসজিদ প্রাঙ্গণ থেকেই আল-আকসার ইমামকে গ্রেপ্তার করল ইসরায়েলি পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পিএম
অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় মসজিদ কমপ্লেক্সের ভেতর থেকেই শেখ আল-আব্বাসিকে আটক করা হয়। গ্রেপ্তারের সময় বা কারণ সম্পর্কে ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফিলিস্তিনি কর্মকর্তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইমাম ও খতিবদের ওপর বিধিনিষেধ আরোপ, মুসল্লিদের প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধির কথা জানিয়েছেন তাঁরা।
এ ছাড়া জেরুজালেমের পুরোনো শহর ও আল-আকসা ঘিরে উত্তেজনা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও নির্বাসনের নির্দেশ জারির ঘটনাও সামনে এসেছে।
শেখ আল-আব্বাসির আটকের পরিস্থিতি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি।
এনএফ৭১/একে
বিষয়:
