ভোটার তালিকায় ভয়াবহ গরমিল, এক ব্যক্তির নামে ৩৮৯ ‘সন্তান’
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ এএম
পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় চাঞ্চল্যকর ও অস্বাভাবিক তথ্য সামনে এসেছে। নির্বাচন কমিশনের দাবি, এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটার—যা বাস্তব ও বৈজ্ঞানিকভাবে অসম্ভব। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় এই গুরুতর গরমিল ধরা পড়ে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এই অস্বাভাবিক তথ্য নথিভুক্ত হয়েছে। শুধু বীরভূম নয়, রাজ্যের একাধিক জেলাতেই একই ধরনের অসঙ্গতির হদিস মিলেছে। হাওড়ার সাঁকরাইলে এক ব্যক্তিকে ৩১০ জন ভোটারের অভিভাবক হিসেবে দেখানো হয়েছে। মুর্শিদাবাদে এই সংখ্যা ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে নিজেদের অভিভাবক হিসেবে নথিভুক্ত করেছেন।
নির্বাচন কমিশনের মতে, এসব তথ্য ভোটার তালিকায় বড় ধরনের তথ্যগত ও যুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেয়। পরিস্থিতি খতিয়ে দেখতে ছয় জন বা তার বেশি সন্তানের সঙ্গে যুক্ত ভোটারদের নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে।
এই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের SIR পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের হলফনামা প্রকাশ্যে আসার পর ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
