সুইজারল্যান্ডের স্কি
রিসোর্টে নববর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ নিহত, ১১৯ আহত
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ এএম
সুইজারল্যান্ডের ভালিয়াস অঞ্চলের ক্রানস-মন্টানা এলাকায় একটি স্কি রিসোর্টের বারে খ্রিষ্টীয় নববর্ষের প্রথম প্রহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত ও আরও ১১৯ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাতি (স্পার্কলার্স) ছাদের কাছে চলে যাওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের বিষয়টি গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ভালিয়াস অঞ্চলের অ্যাটর্নি জেনারেল বিয়াত্রিস পিলুদ। তিনি বলেন, আগুনের উৎস নিয়ে একাধিক সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, শ্যাম্পেনের বোতলে থাকা জ্বলন্ত মোমবাতি বা আতশবাতি ছাদের কাছাকাছি চলে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
মারা যাওয়া ৪০ জনের পরিচয় এখনও নিশ্চিত করা হচ্ছে। আহতদের মধ্যে ১১৩ জনের পরিচয় নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে ৭১ জন সুইজারল্যান্ডের নাগরিক। অন্যরা হলো—ফ্রান্সের ১৪ জন, ইতালির ১১ জন এবং সার্বিয়ার ৪ জন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগুন লাগার সময় বারে থাকা দুজন নারী জানিয়েছেন, মোমবাতিভর্তি একটি বোতল ছাদের কাছে ধরার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বারের এক মালিক জানিয়েছেন, প্রতিষ্ঠানটি গত ১০ বছরে তিনবার পরিদর্শন করা হয়েছে এবং সবকিছু বিধি অনুযায়ী চলছিল।
ভালিয়াস অঞ্চলের প্রেসিডেন্ট ম্যাথিয়াস রেনার্ড জানান, গুরুতর দগ্ধ প্রায় ৫০ জনকে চিকিৎসার জন্য ইউরোপের বিভিন্ন উন্নত বার্ন সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী ফরাসি ফুটবলার তাহিরিস দস সান্তোসও রয়েছেন।
কয়েকজন এখনও নিখোঁজ। তাদের মধ্যে ১৬ বছর বয়সী ইতালীয় কিশোর আচিল বারোসিও রয়েছেন।
বারের ধারণক্ষমতা ছিল ৩০০ জন, কিন্তু আগুন লাগার সময় ঠিক কতজন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। ৯ জানুয়ারি ক্রানস-মন্টানায় অগ্নিকাণ্ডে মৃতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়:
