গাজায় ইসরায়েলি হামলায় ৮৫ নিহত, অনাহারে মৃত্যু ২৯
Nasir Uddin | প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৮:৫৪ এএম
অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলির চালানো অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে। হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও খাবারের অভাবে এ পর্যন্ত মারা গেছেন আরও ২৯ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বহু বৃদ্ধ, নারী ও শিশুও রয়েছেন। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেইর আল বালাহর আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল-আকসা শহিদ হাসপাতালে নেওয়া হয়। আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, সম্প্রতি যেসব শিশু ও বৃদ্ধ মারা গেছেন, তাদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যু ঘটেছে অনাহারে, যাকে ‘অনাহারজনিত মৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই সংখ্যা ক্রমেই বাড়ছে এবং হাজারো মানুষ বর্তমানে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে।
এছাড়া গাজায় ইসরায়েলের এই যুদ্ধকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলাও চলছে।
বিষয়:
