খেলায় হার নিয়ে হাসাহাসি, গুলি করে ৭ জনকে হত্যা
নিশি রহমান
|
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৪০ এএম
বাজিতে পুল খেলা হচ্ছিল। তা দেখতে কিছু মানুষের জটলাও জমেছিল। এরপর যা হয়েছে, তা হয়তো বর্ণনাতীত। খেলায় দুই ব্যক্তি বাজি ধরে পরপর দুটি ম্যাচ হেরে যান। হার নিয়ে হাসাহাসি করায় গাড়ি থেকে বন্দুক বের করে এনে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালিয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের সিনোপ শহরে।
ঘটনাটি ধরা পড়েছে ওই পুল হলে থাকা সিসিটিভি ক্যামেরায়। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন সবাই।
আরও পড়ুন>>> রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর, এরপর কী?
এতে দেখা গেছে, ব্রাজিলের একটি পুল হলের দুজন বন্দুকধারী গুলি চালাচ্ছে। এতে ৭ জন প্রাণ হারান। এমনকি এদের মধ্যে ১২ বছর বয়সি এক মেয়েশিশুও রয়েছে। তারা নাকি পুল গেমের সময় দুজনকে দেখে হাসাহাসি করছিলেন। আর সেটি দেখেই মেজাজ চড়ে যায় দুই বন্দুকধারীর। তাদের মধ্যে একজন আবার পরাজিত খেলোয়াড়।
নিহতদের মধ্যে রয়েছেন অভিযুক্তের সঙ্গে বাজি ধরা ব্যক্তি। এছাড়া আরও আছেন ওই পুল হলের মালিক এবং ১২ বছরের এক মেয়ে শিশুও। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
