ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে
আন্তর্জাতিক ডেস্ক
|
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:১১ এএম
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হওয়া তুরস্কের শহরগুলোতে উদ্ধারকারীদের প্রতিনিয়ত মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হতে হচ্ছে। বুধবার ধ্বংসস্তুপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নবজাতককে। তবে তার বাবা-মাকে পাওয়া যায়নি। বেঁচে যাওয়া এক বাবাকে ভাঙ্গা হাতে জড়িয়ে থাকতে দেখা গেছে মৃত কন্যা সন্তানকে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তুর্কি শহর কাহরামানমারাসের বাসিন্দা মেসুত হ্যান্সারকে বুধবার ধ্বংসস্তূপের উপর বসেছিলেন। তিনি তার ১৫ বছর বয়সী মেয়ে ইরমাকের হাতটি ছেড়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছিলেন। ইরমাকের দেহটি কংক্রিটের স্ল্যাব এবং পেঁচানো রডের মধ্যে মধ্যে প্রাণহীন অবস্থায় পড়েছিল।
আরও পড়ুন: ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ৮ হাজার
কর্মকর্তা ও চিকিৎসকরা জানিয়েছেন, সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কে ৮ হাজার ৫৭৪ জন এবং সিরিয়ায় ২ হাজার ৬৬২ জন মারা গেছে। এর ফলে মোট সংখ্যা ১১ হাজার ২৩৬ জনে পৌঁছেছে। ভূমিকম্পের পর থেকে দুই দিন ও রাত ধরে উদ্ধারকারীরা হিমাঙ্কের তাপমাত্রায় কাজ করছে। বেঁচে যাওয়া মানুষগুলোকে বুধবারও প্রচণ্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে থাকতে দেখা গেছে। অনেকে মসজিদ, স্কুল ও বাসস্ট্যান্ডে আশ্রয় নিয়েছেন। ধ্বংসস্তুপ ছড়িয়ে ছিটিয়ে থাকায় দুর্গত এলাকায় ত্রাণও আসতে দেরি হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়াজুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।
বিষয়: তুরস্ক সিরিয়া ভূমিকম্প মৃতের সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও newsflash71 newsflash Latest News Update News News
