সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৩৫
রায়হান রাজীব | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩, ১১:২১ পিএম
আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।
বুধবার সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের দুটি গাড়িবোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, মাহাস শহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে। আল শাবাব মূলত আল কায়েদার সহযোগী সংগঠন।
সোমালিয়ার হিরশাবেল প্রদেশের ডেপুটি পুলিশ কমিশনার হাসান-কাফি মোহাম্মদ ইব্রাহিম রয়টার্সকে বলেছেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।
আরও খবর>>>বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ ক্রীড়াবিদ
মরদেহের বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শী আদান হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এটি একটি ভয়ঙ্কর হামলা ছিল। অন্যদিকে আল শাবাবের মিডিয়া অফিস একটি বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা ‘ধর্মত্যাগী মিলিশিয়া ও সৈন্যদের’ লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং হামলায় মৃতের সংখ্যা ৮৭ বলে দাবি করেছে।
সোমালিয়ার সরকারের বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে লড়াই করছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারি আল শাবাব। সোমালিয়ায় ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এ জঙ্গিগোষ্ঠী।
বিষয়:
