নাইজেরিয়ার মসজিদে বন্দুক হামলায় নিহত ১২
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২, ০৮:৪২ এএম
আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি মসজিদে হামলা চালিয়ে সেখানকার ইমামসহ অন্তত ১২ মুসল্লিকে হত্যা করেছে বন্দুকধারীরা। শনিবার রাতে ইশার নামাজের সময় মসজিদে হামলার এই ঘটনায় আরও কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে বন্দুকধারীরা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা টেলিফোনে রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে আসে এবং এলোপাতাড়ি গুলি চালায়। যে কারণে মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যেতে বাধ্য হন।
রাতে ইশার নামাজের সময় গোলাগুলির মাঝে পড়ে অন্তত ১২ জন মারা গেছেন। নিহতদের মধ্যে মসজিদের প্রধান ইমামও আছেন বলে জানিয়েছেন হারুনা।
ক্যাটসিনা পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সরকার-সমর্থিত প্রহরী কিছু বাসিন্দার সহায়তায় কয়েক জন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের ক্যাটসিনাসহ কয়েকটি প্রদেশের সঙ্গে প্রতিবেশী নাইজারের সীমান্ত রয়েছে। আর এই সীমান্ত ব্যবহার করে সংঘবদ্ধ সশস্ত্র দস্যুরা দুই দেশের মাঝে অবাধে চলাচল করে।
সূত্র: রয়টার্স।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: নাইজেরিয়া মসজিদ বন্দুক হামলা নিহত অপহরণ
