যুবরাজকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপ্রধান থাকছেন বাদশাহই
সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান
রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২:৫১ এএম
ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
আলজাজিরা জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদলের আদেশে এটি জানিয়েছেন বাদশাহ। রাজকীয় আদেশটি মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত হয়েছে।
মুহাম্মদ বিন সালমান আগে থেকেই সৌদি আরবের যাবতীয় সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি সৌদি আরবের সরকারের নেতা হিসেবে তার ভূমিকার আনুষ্ঠানিক স্বীকৃতি।
এদিকে, বাদশাহ তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন। সৌদি আরবের ক্ষমতা কাঠামোয় রদবদলের ডিক্রিতে নিজের আরেক পুত্র যুবরাজ আবদুল আজিজ বিন সালমানকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন সালমান বিন আবদুল আজিজ।
ডিক্রিতে আরও বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, অর্থমন্ত্রী মুহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ তাদের পদে বহাল থাকবেন।
সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার আগে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকালের রাজকীয় ডিক্রিতে তিনি কার্যত পদোন্নতি পেয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে মন্ত্রিসভায় আনা রদবদলে যুবরাজকে শীর্ষস্থানীয় এ পদটি দেওয়া হয়। তবে এ নিয়োগের কোনো কারণ উল্লেখ করা হয়নি। অবশ্য যুবরাজকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপ্রধান থাকছেন বাদশাহই। ফলে মন্ত্রিসভায় উপস্থিত থাকলে সভাপতির দায়িত্ব তিনিই পালন করবেন।
