গর্বাচেভের মৃত্যুতে পুতিনের শোক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৫ এএম
সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের (৯১) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (৩১ আগস্ট) তিনি তার পরিবার ও বন্ধুদের কাছে সমবেদনার একটি টেলিগ্রাম পাঠাবেন।
মিখাইল গর্বাচেভ গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে তিনি মারা যান।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনও তার মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি মিখাইল গর্বাচেভকে বিশ্বস্ত ও সম্মানিত নেতা হিসেবে অ্যাখ্যায়িত করে বলেন, সাবেক এই নেতা মুক্ত ইউরোপের দরজা খুলে দিয়েছিলেন।
১৯৮৫ সালে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন মিখাইল গর্বাচেভ। শীতল যুদ্ধ শান্তিপূর্ণভাবে অবসানে বেশ প্রশংসা কুড়ান তিনি। তবে ১৯৯১ সালে সোভিয়েত পতন ঠোকানোর ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ তিনি। এর পেছনে গর্বাচেভের সংস্কারবাদী নীতিকে দায়ী করেন অনেকে।
এনএফ৭১/আরআর/২০২২
