ইতালি ৭০ বছরের মধ্যে ভয়াবহ খরার কবলে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২২, ০৫:০৯ এএম
৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইতালির পো নদীর পার্শ্ববর্তী পাঁচটি অঞ্চল। ওই এলাকাগুলোতে জরুরি খরা পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, এমিলিয়া-বোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লোম্বার্ডি, পিডমন্ট ও ভেনেতোতে পানির ঘাটতি মোকাবিলায় জরুরি তহবিল হিসেবে তিন কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেওয়া হবে।
কৃষি ইউনিয়ন কোল্ডিরেত্তি জানিয়েছে, খরা ইতালির ৩০ শতাংশেরও বেশি কৃষি উৎপাদনকে হুমকির মুখে ফেলেছে। শীত ও বসন্তজুড়ে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত উত্তর ইতালিতে পানির ঘাটতি বাড়িয়ে দিয়েছে। বেশ কয়েকটি পৌরসভা ইতোমধ্যে পানির রেশনিং ঘোষণা করেছে।
ইতালির সরকার বলেছে, ‘জরুরি অবস্থার লক্ষ্য বর্তমান পরিস্থিতিকে ভিন্ন উপায় ও ক্ষমতা দিয়ে পরিচালনা করা।’
পো হল ইতালির দীর্ঘতম নদী। এটি দেশটির পূর্ব দিকে ৬৫০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে প্রবাহিত। পো উপত্যকার কৃষকরা জানিয়েছেন, সমুদ্রের লবণাক্ত পানি এখন নদীতে মিশে ফসল নষ্ট করছে।
এনএফ৭১/আরআর/২০২২
