যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ মুসলিম হত্যায় ৩ আসামির যাবজ্জীবন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২২, ১১:৫২ পিএম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ জর্জিয়ায় কৃষ্ণাঙ্গ যুবক আহমাদ আরবেরিকে (২৫) হত্যার ঘটনায় তিন শ্বেতাঙ্গকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। এরমধ্যে দুজনকে প্যারোলে মুক্তির সম্ভাবনা না রেখে দণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও সিএনএন পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেগরি ম্যাকমাইকেল (৬৬), তার ছেলে ট্র্যাভিস (৩৫) এবং তাদের প্রতিবেশী উইলিয়াম ব্রায়ান (৫২) আহমাদ আরবেরিকে তাড়া করে হত্যা করেছেন। এজন্য শুক্রবার (৭ জানুয়ারি) বিচারকদের বেঞ্চ তাদের দোষী সাব্যস্ত করেছে। তবে ৩০ বছর কারাভোগের পর জর্জিয়ার আইনে প্যারোলে মুক্তি পেতে পারেন ব্রায়ান।
রায় ঘোষণার আগে এক মিনিট নীরবতা পালন করেন বিচারক টিমথি ওয়ালমসলি। তিনি বলেন, নিহত কৃষ্ণাঙ্গ যুবকের জন্য কোনো অনুশোচনা বা সমবেদনা দেখাননি ম্যাকমাইকেল। ভিডিওতে ধারণ করা ‘নিষ্ঠুর আচরণ’ ও বার্তার কারণে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এছাড়াও মাত্র ২০ ফুট দূর থেকে আহমাদ আরবেরিকে গুলি করে হত্যার ঘটনাকে ‘ঠাণ্ডা মাথার খুন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
এনএফ৭১/এমএ/২০২২
