ভারতের পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২, ০২:১০ এএম
ভারতের পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। চার দিনের ব্যবধানে শুক্রবার রাজ্যটিতে দৈনিক সংক্রমণ চলে গেছে দুই শতাধিক থেকে তিন হাজার ৫০০ এর কাছাকাছি। সোমবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। বাড়তে বাড়তে শুক্রবার তা ছাড়িয়েছে তিন হাজার।
শুক্রবার স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৫১। এটি মঙ্গলবারের সংখ্যার তিন গুণেরও বেশি। রাজ্যে এদিন দৈনিক সংক্রমণের হার ৮ দশমিক ৪৬ শতাংশ, যা বুধবারের থেকে ৩ শতাংশ বেশি। এদিকে, সোমবার রাজ্যের রাজধানী কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০৪। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছিল এক হাজার ৯০। শুক্রবার আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫৪ জন।
বুলেটিনে ওমিক্রনের আক্রান্তের উল্লেখ না থাকলেও স্বাস্থ্য দফতর সূত্র জানিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ১৬ জন কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত। বুধবার পর্যন্ত সংখ্যাটা ছিল ১১। বৃহস্পতিবার আরও পাঁচ জনের শরীরে মিলেছে ওমিক্রন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: ভারত পশ্চিমবঙ্গ করোনা
