বিধিনিষেধে ফিরছে ইউরোপের বিভিন্ন দেশ
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০২:০৫ এএম
আবারও বিধিনিষেধে ফিরছে ইউরোপের বিভিন্ন দেশ। করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করায় ইউরোপীয় নেতারা আগের অবস্থায় ফিরে যাওয়ার কথা ভাবছেন। এরই মধ্যে জার্মানি এবং পর্তুগাল ক্রিসমাসের পরে বিভিন্ন বিধিনিষেধ এবং সামাজিক দূরত্ব মেনে চলার ঘোষণা দিয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ক্রিসমাসে করোনাভাইরাস কোনো বিরতি নিচ্ছে না। আমরা চোখ বন্ধ রাখতে পারি না এবং এটা উচিতও হবে না। তাই ২৮ ডিসেম্বর থেকে আবারও কিছু বিধিনিষেধে ফিরছে তারা। ১০ জনের বেশি মানুষ একত্রে সমবেত হতে পারবেন না এবং নাইটক্লাব বন্ধ থাকবে। এই সময় থেকে ফুটবল ম্যাচও আবদ্ধ স্থানে অনুষ্ঠিত হবে।
এদিকে ২৬ ডিসেম্বর থেকে বার এবং নাইটক্লাব বন্ধ রাখছে পর্তুগাল। ওই একই সময় থেকে ৯ জানুয়ারি পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম বাধ্যতামূলক করা হচ্ছে। ১০ জনের বেশি মানুষ কোনো স্থানে সমবেত হতে পারবেন না বলেও জানানো হয়েছে। একই সাথে ক্রিসমাসের আগে ইংল্যান্ডে নতুন কোনো বিধিনিষেধ জারি করার বিষয়টি নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে সামাজিক মেলামেশায় বিধিনিষেধ জারি করেছে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্থ আয়ারল্যান্ড।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইউরোপ
