সু চির বিরুদ্ধে করা এক ডজন মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ১২:১৬ এএম
মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা প্রায় এক ডজন মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর। এমনটাই জানিয়েছে সামরিক শাসনে থাকা দেশটির একটি আদালত।
মঙ্গলবার উত্তেজনা উসকে দেওয়া এবং কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভাঙার দায়ে হওয়া মামলার রায় দেওয়ার কথা ছিল এক বিচারকের। কিন্তু পরে তা মুলতবি করা হয়েছে। এই দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে সর্বোচ্চ দুই বছর এবং পরেরটিতে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে সু চির।
এদিকে, সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টও এসব অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন, দোষী সাব্যস্ত হলে তারও একই সাজা হতে পারে।
উল্লেখ্য, মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: অং সান সু চির মিয়ানমার
